চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটো মেশিনে আটকে মো. রায়হান উদ্দিন (২০) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার, ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকার এমএ-৩ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ভাটাখড়ি এলাকার মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ফকিরাচাঁন এলাকায় মো. রেজাউল করিমের মালিকানাধীন এমএ-৩ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটোকলের সহকারী হিসেবে কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১২টায় ইটভাটার অটোবিক্সসে মাটি দেয়ার সময় অসাবধানতায় রায়হানের একটি পা আটকে যায়। মুহূর্তেই কলের ভেতর দুমড়েমুছড়ে ফেলে তার শরীর। লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাইয়ুম বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হানের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।’
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/ওএআর/আরবি

