চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় দেশি পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়।
সোমবার, ৩১ আগস্ট রাত ২ টায় মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (৪৭)
পুলিশ জানায়, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পেয়ে নজরদারি ও তথ্য যাচাই শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৩১ রাত ২টায় মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযানে মো. জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি ও মো. কবিরকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও ২টি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরবর্তীতে এসব অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো, কারা এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ওই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পতাকানিউজ/আরবি

