চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে মেজবাহ উদ্দিন নামে তিন বছর বয়সী একটি শিশু পড়ে গেছে। বুধবার, ২৯ জানুয়ারি বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যা থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে। গর্তে শিশুর পা দেখে গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে খননযন্ত্র আনা হয়েছে।
অপরদিকে, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অং সিং মারমা, রাউজান-রাঙ্গুনিয়ার সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজানার থানার ওসি মো. সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
নিখোঁজ মেজবাহ উদ্দিন একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির ঘরের ৩০ থেকে ৪০ ফুট দূরে গত ৪–৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ এখনও বসানো হয়নি। আজ বিকেলে ঘর থেকে বের হয়ে ওই শিশু সেই গর্তে পড়ে নিখোঁজ হয়।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, আজ বিকেল ৪টায় শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মী ও সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেছে। গর্তটির ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে ক্যামেরায়।’
প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। মৃত অবস্থায় ৩০ ফুট গভীর গর্ত থেকে প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয় তাকে।
পতাকানিউজ/আরবি

