চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে৷ শুক্রবার, ৯ জানুয়রি রাত সাড়ে ৩টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামে ফয়সাল খান পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে৷
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডাকাতদল মিরসরাই থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তাদের কথা শুনে আরাফাতের জামান রাজু ও ফয়সাল খান দরজা খুলে দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল, এটিএম কার্ডসহ নগদ ১৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া মোবাইলের পিন, পাসওয়ার্ড, এবং এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।
ভুক্তভোগী আরাফাতের জামান রাজু বলেন, ‘মিরসরাই থানার একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিক বয়ান নিয়ে গেছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিতে বলেছে।’
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির বিষয়ে কিছুই জানা নেই। খোঁজ নিয়ে দেখছি৷
পতাকানিউজ/এসইউএস/আরবি

