লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
বুধবার ১১, মার্চ বেলা সাড়ে ১২ টায় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিহত সারাবন তহুরা (১৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪১)। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ি খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারি পদুয়া তেওয়ারিহাট বাজারে গুরু বিক্রি করার জন্য নিয়ে আসেন। পরে গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখেন। হঠাৎ গরুটি রশি ছিঁড়ে পালানোর সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সারাবন তহুরাকে শিং দিয়ে আঘাত করলে সে গাছ ও পাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

