চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়া মেজবাহ উদ্দিন নামে তিন বছর বয়সী শিশুটি আর বেঁচে নেই। গর্তে পড়ার চার ঘণ্টা পর উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার, ২৮ জানুয়ারি রাতে সাড়ে ৮টার পর শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টায় কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যা থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ক্যামেরার সাহায্যে গর্তে শিশুটির অবস্থান নিশ্চিত করা হয়। ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা যায়।
নিখোঁজ মেজবাহ উদ্দিন একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির ঘরের ৩০ থেকে ৪০ ফুট দূরে গত ৪–৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ এখনও বসানো হয়নি। আজ বিকেলে ঘর থেকে বের হয়ে ওই শিশু সেই গর্তে পড়ে নিখোঁজ হয়।
রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, চার ঘণ্টার চেষ্টায় শিশুটিকে মুমূর্ষু অবস্থায় গর্ত থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পতাকানিউজ/আরবি

