চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক পথচারী। শনিবার, ২০ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপন চন্দ্র নাথ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, দীপন রিকসাভ্যানে বিভিন্ন বেকারি পণ্য সরবরাহ করতেন। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এসময় এক পথচারীও আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, আজ সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ভ্যান ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পতাকানিউজ/এসইউএস/আরবি

