চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. জয়নাল (২৭)। রবিবার, ২১ জুন সকাল সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে হাইস্কুলে এ ঘটনা ঘটেছে।
এদিকে নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের অভিযোগ, পিটুনির একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শকও দেয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, রেলওয়ে পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনে জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে জয়নাল নামের ওই তরুণ কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন দারোয়ান আজাদ ও সমীর দাশ। তারা জয়নালকে হাতেনাতে ধরে ফেলেন বলেও দাবি করেন। এরপরই তাকে মারধর করা শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে লোকজনও জড়ো হয়। মারধরের পর স্কুলের মূল ফটকের সামনে জয়নালকে ফেলে রাখা হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এলে জয়নালের স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন। তারা পুলিশের গাড়িতে মরদেহ তুলতে বাধা দেয়। এসময় তারা পুরিশের গাড়ি অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ মরদেহ নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাস্থলে আসা নিহত জয়নালের মা ছেনোয়ারা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলে দোষ করলে তার বিচার হতো। এভাবে মেরে ফেলতে পারে না। তার অভিযোগ তার ছেলেকে মারধরের এক পর্যায়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্কুলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক যুবক। পরে তাকে মারধর করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে স্বজনেরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। পরে তাদের বুঝিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জড়িত থাকার সন্দেহে স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীরকে আটক করে থানায় আনা হয়েছে।
বৈদ্যুতিক শক দেয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পতাকানিউজ/আরবি

