চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় চেয়ারম্যানের ২ ভাইকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার, ১৬ জানুয়ারি রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন—সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তাদের বাবা আবুল বশর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের টানা কয়েক দফা চেয়ারম্যান ছিলেন। তাদের বড় ভাই বেলাল হোসেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, আটক রুমির বিরুদ্ধে ছয়টি ও বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা অস্ত্র বেচাকেনায় এবং তৈরির সঙ্গে জড়িত।
ক্যাম্প কমান্ডার বলেন, ‘রুমি ও বাপ্পীর তথ্য মতে পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে ও নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’
আটকদের বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর রাসেল।
পতাকানিউজ/আরবি

