চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে মারধরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ১৪ এপ্রিল রাঙ্গুনিয়ার পোমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. জহির আহম্মদ (৪৮), মো. ওসমান (৩৩) ও মো. জসিম (৩৭), মো. আব্বাস উদ্দিন (৪৩)।
এদিকে বুধবার, ১৫ এপ্রিল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত সোমবার ওই যুবককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ভিডিওতে দেখা যায়, ওই যুবককে একটি ভবনের দরজার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ৫০ থেকে ৬০ জন স্থানীয় মানুষ। এ সময় দুই থেকে তিনজন ব্যক্তি কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করছেন।
এ ঘটনার পর ভুক্তভোগীর বোন বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এছাড়া হাতের তার নখও উপড়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক একটি মসজিদের মুয়াজ্জিন। অন্য মসজিদে চাকরির সন্ধানে তিনি রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় যান। সেখানে মসজিদের মাইক ও ব্যাটারি চুরির অভিযোগে তাকে মারধর করা হয়।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রাসেল জানান, চুরির অভিযোগে এক যুবককে বেঁধে নির্যাতন করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পতাকানিউজ/আরবি

