চট্টগ্রাম মহানগরীর সিটি কলেজে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষ আরেকপক্ষকে ইটপাটকেল ও লাটিসোটা ছুঁড়ে মারে। এমন পরিস্থিতিতে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।
মঙ্গলবার, ২১ এপ্রিল বেলা ১২টায় একদফা ও বিকেল ৪টায় আরেক দফা সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় জানা যায়, কলেজ ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে থাকা একটি গ্রাফিতিতে লেখা পরিবর্তনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিভিন্ন স্লোগান চলতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকালের সংঘর্ষের পর বিকেলে দুপক্ষ মুখোমুখি অবস্থা নেয় আবারও সংঘর্ষে জড়ায়। এসময় উভয়পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুপক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গেছে। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।

কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, ‘দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শুরুতে শিক্ষকরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।’
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পতাকানিউজ/আরবি

