শনিবার, ২৯ নভেম্বর সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি দল চট্টগ্রামের চট্টেশ্বরী রোডে ঝটিকা মিছিল বের করে। মিছিলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় সংগঠনটির নেতা-কর্মীরা। ঘটনার দু্ইদিন পর মহানগরের চকবাজার থানার চার পুলিশ সদস্যকে ‘ক্লোজড’ করা হয়েছে।
যদিও ঘটনার পর চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম তার থানা এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেনি বলে দায় সারেন। তিনি বলেন, ওই এলাকা কোতোয়ালী থানার অধীনে। কোতোয়ালী থানার ওসি আবদুল করিমের কাছে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন, এটা চকবাজার থানার এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার, ১ ডিসেম্বর রাতে বিষয়টি গোপনে সামলানো হয়। ক্লোজড করা সদস্যদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন, যারা চকবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন। পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চারজন টহলদার মিছিলের খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা গোলাম সামদানি জনির অনুসারীরা এ মিছিল বের করে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সটকে যায়। এর কিছুক্ষণ পর মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।
পতাকানিউজ/কেএস

