চট্টগ্রামে মহানগরীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার, ২৯ এপ্রিল সকালে নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি নগরবাসীর কাছে ক্ষমা চান।
মেয়র বলেন,‘গতকালের ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদিও এ কাজগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেড করছে। তারপরও আমি চট্টগ্রামের মেয়র হিসেবে জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
ডা. শাহাদাত বলেন, ‘জনগণ এ শহরের অংশ। এ শহরকে তারা ভালোবাসে। এ শহরকে জলাবদ্ধতা মুক্ত করার জন্যই কিন্তু এ কাজগুলো হচ্ছে।’
তিনি বলেন, ‘জনগণকেও শহরের প্রতি দরদ থাকতে হবে। যত্রতত্র ময়লা প্লাস্টিক পলিথিন ককশিট আমরা ফেলব আর সারাক্ষণ মেয়রকে গালিগালাজ করব বা অন্য সংস্থাকে। এটা তো হতে পারে না। এ শহরের দায়বদ্ধতা সবার। এটা একা মেয়রের শহর না। শহরটা সবার। আমাদের উপর কনফিডেন্স রাখবেন। কখনও কোনো কথা মিথ্যা বলিনি, বলব না। জনগণের সাথে থাকব, কাজ করে যাব।‘
তিনি আরও বলেন, ‘সামনে বর্ষাকাল। বর্ষা ছয় মাস ধরেই থাকবে। বর্ষার প্রস্তুতি নিয়েই কাজগুলো হচ্ছে। কাজগুলো করতে গিয়ে অনেক সময় ব্যয় হয়েছে। কারণ ভবন ভাঙতে গেলে অনেকে রিট করেছে। সেগুলো নিষ্পত্তি করতেও সময় লেগেছে। খালের বাঁধ তুলে নেয়ার জন্য আমরা বলেছি। আগামীকাল আবার সব সেবাসংস্থার সঙ্গে বসব। সেখানে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব। কীভাবে বাঁধ খুলে সেখান থেকে মাটি সরিয়ে নেয়া যায়, সে কাজ শুরু হবে। বাঁধ গতকাল (মঙ্গলবার) থেকে খুলে দিচ্ছে। বেশিরভাগ বাঁধ ইতোমধ্যে খুলে দিয়েছে।’
জলাবদ্ধতা কারণ হিসেবে মেয়র বলেন, ‘জনগণকে বলব, ভয়ের কিছু নেই। এখন প্রলম্বিত বর্ষা হয়। সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। গতবার যেভাবে ৫০-৬০ ভাগ জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, এবার ৭০-৮০ ভাগ জলাবদ্ধতা কমাতে পারব ইনশাল্লাহ ‘
পতাকানিউজ/আরবি

