টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি। এতে চলাচলে দুর্ভোগ বেড়েছে পথচারী, শিক্ষার্থী ও চাকরিজীবিদের।
রবিবার, ১৬ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার, ১৭ আগস্ট সকালেও অব্যাহত ছিল।
টানা বৃষ্টিতে নগরীর চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, প্রবর্তক, জামালখান, মুরাদপুর, জিইসি, আগ্রাবাদ, রিয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া এসব এলাকার নিচতলার বাসাবাড়ি, মার্কেট ও দোকানপাটে পানি ঢুকে গেছে।

এদিকে বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি বাদ যায়নি ফ্লাইওভারও। নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে জলজট। ফ্লাইওভার থেকে নিচে গড়িয়ে পড়ছে পানি।
অপরদিকে বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কমেছে গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সংখ্যা। এসময় অনেকের ভরসা হয়ে উঠে প্যাডেলচালিত রিকশা। দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় রিকশা নিয়ে পৌঁছাতে হয় গন্তব্যে।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
নগরবাসীর অভিযোগ, সামান্য কিংবা ভারী বৃষ্টিতে হলেই ডুবছে নগরীর বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা।
পতাকানিউজ/আরবি

