চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অদূরে লালদীঘির পাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ফিরিঙ্গিবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ভ্রাম্যমাণ চা বিক্রি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, প্রতিদিনের মত রাতে এলাকায় চা বিক্রি করে ফিরছিলেন ইসমাইল। রাত আড়াইটায় সাইকেল চালিয়ে লালদীঘির পাড় থেকে ফিরিঙ্গিবাজারমুখী পথে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানান ওসি।
পতাকানিউজ/এএস/আরবি

