চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অদূরে লালদীঘির পাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩০) নামে এক যুবক খুন হন। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ১৫ দিন পর দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কোতোয়ালী থানার এলাকার মেরিনার্স রোডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি টিপছোরা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতন নাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)।
নিহত মো. ইসমাইল ফিরিঙ্গিবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ভ্রাম্যমাণ চা বিক্রি করতেন।
র্যাব জানায়, ঘটনার দিন রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদীঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মোড়মুখী সড়কে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মেরিনার্স রোডডের ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে পাকা রাস্তার ওপর থেকে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃতে দুটি টিপছোরা, একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পতাকানিউজ/আরবি

