চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার, ১ জুলাই বিকেল পৌনে ৪টায় নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে। তিনি ওই এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজন ও চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে কে বা কারা আজাদকে গুলি করে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীদের ফাঁসি চান তারা।
নিহতের ছোট ভাই বলেন, ‘আমার ভাইয়ের সাথে মোবাইলে কথা হয়েছে আজ দুপুর ১টা ৫০ মিনিটে। কি কারণ তাকে হত্যা করা হয়েছে জানি না। আমার ভাইয়ের সাথে কারো সাথে দ্বন্ধ নাই। আমার ভাই যদি খারাপ হতো তাহলে তাকে দেখতে মেডিকেল এলাকার এত মানুষ আসত না। আমাদের একটাই দাবি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানান, মুরাদপুর এলাকার ফরেস্ট এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার কারণ ও দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
পতাকানিউজ/আরবি

