চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণ মাঠ ও মাছের ঘের দখলের বিরোধের জেরে দুপক্ষের গোলাগুলিতে জিল্লুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার, ৩১ জুলাই ভোর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান (৩০) উপজেলার পশ্চিম সরল গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, লবণ মাঠ ও মাছের ঘেরের দখল নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ ভোর রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসাধীন ।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পতাকানিউজ/আরবি

