চট্টগ্রামের চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজ দলের কর্মীল হাতে খুন হয়েছে ফজলুল আমিন নামে এক যুবদল নেতা।
শুক্রবার, ২৮ আগস্ট সকাল ১১টায় নগরীর চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল আমিন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত শাহাজাহান চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্যের অনুসারী এবং কৃষক রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত মো. শাহজাহান (৪৫) ও তার ছেলে সিফাতকে (২০) আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেছেন নিহতের পরিবার।
স্বজনদের অভিযোগ, সড়কে ভাসমান ভ্যান বসানো ও চাঁদা আদায়ের প্রতিবাদ করায় দলের কর্মী হিসেবে পরিচিত শাহজাহান ও তার ছেলে সিফাতের সঙ্গে ফজলুল আমিনের বিরোধ হয়। একপর্যায়ে তাকে ধাক্কা ও ঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় ভাসমান ভ্যান বসানো নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। স্থানীয়দের বৈঠকে নির্দিষ্ট স্থানে ভ্যান না বসানোর সিদ্ধান্ত হলেও শুক্রবার সেখানে আবার ভ্যান বসানো হলে ফজলুল আমিন তাতে বাধা দেন। এ নিয়ে শাহজাহানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
নিহতের ছেলে বলেন, ‘আমরা ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার চাই। ৫ আগস্টের পর এলাকায় নতুন করে নেতৃত্বে আসা কিছু ব্যক্তির কর্মকাণ্ডের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।’
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পতাকানিউজ/আরবি

