চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসার পার্কিং থেকে প্রাইভেট কার চুরির ঘটনায় মামলায় মো. ইব্রাহিম নামে এক যুবকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার, ১৮ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. ইব্রাহিম (৪০) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকায় বসবাস করছেন।
ডিবি জানায়, গত ১৬ এপ্রিল ভোরে গণপূর্তের এক কর্মকর্তার বাসার সামনে থেকে চট্ট মেট্রো-গ-১৩-৩৬৯১ নম্বরের গাড়িটি চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় ১৭ এপ্রিল পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার পায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান জানান, বিভিন্ এলাকায় অভিযানের একপর্যায়ে বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার চন্দন নগর বাজার সংলগ্ন একটি স্থানে চুরি হওয়া গাড়িসহ মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধঅর করা গাড়িটি জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ‘এ ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান।’
পতাকানিউজ/আরবি

