চট্টগ্রাম নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও রঙযুক্ত মরিচ ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি ফার্মেসিকে ১০ হাজার ও একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা।
সোমবার, ৩ আগস্ট নগরীর পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জাবেদ ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর কেমিক্যাল-কেওড়াজল ও রঙযুক্ত মরিচ ব্যবহার করে খাদ্য তৈরি করায় ওরশ বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও রঙ ব্যবহারের অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পতাকানিউজ/আরবি

