চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর বেপরোয়া গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল বিকেল ৩টায় বন্দর থানার বারিক বিল্ডিং এলাকার গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া জাহান তানিশা হাজেরা তজু ডিগ্রি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের অনার্সের শিক্ষার্থী। তার বাবার নাম মো. আবু তালেব পাটোয়ারি এবং মা নাসিমা সুলতানা। তিনি রাহাত্তারপুল এলাকার শাহ আমানত হাউসিং সোসাইটির বাসিন্দা। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল। বারিক বিল্ডিং মোড়ের একটু পর গোসাইডাঙ্গা মন্দিরের সামনে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিয়া জাহান তানিশাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পতাকানিউজ/আরবি

