চট্টগ্রামে হাসপাতালে বাড়ছে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। গত ২ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৮ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ জনে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ শিশুর।
শনিবার, ৪ এপ্রিল চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সই করা প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২৮ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন রোগী রয়েছেন।
এতে আরও বলা হয়, চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে মহানগর এলাকায় ৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন রোগী রয়েছেন। তবে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১২ জনের শরীরে। এদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া হাম সন্দেহে ভর্তি হওয়া ১ শিশুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার।
এদিকে আজ শনিবার নতুন করে ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
পতাকানিউজ/আরবি

