চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় শ্রাবন্তী ঘোষ (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি রাত সাড়ে ১১টায় লালখান বাজার এলাকার ভাণ্ডারি মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)।
গত ৩ জানুয়ারি রাতে নগরীর লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় নিজ বাসা থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা করে। মামলায় প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুইজন এজাহারনামীয় আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহত কিশোরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে খনও প্রতিবেদন পায়নি। প্রতিবেদন পেলে ঘটনার মূল রহস্য বের হবে।’
র্যাব জানায়, ভিকটিম মেয়ের পরিবার নগরীর খুলশী খানার লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ ঘোষের বাড়িতে ভাড়া থাকেন। তার বাবা-মা দুজন পোশাক কারখানায় চাকরি করেন। তার বাবা সপ্তাহে একদিন বাসায় আসে এবং মা প্রতিদিন দুপুরে কারখানায় কাজে গিয়ে রাতে বাসায় ফেরেন। ওই সময় মেয়েটি ও তার ছোট ভাই বাসায় থাকে।
র্যাব আরও জানায়, মেয়েটির বাসার কাছেই তার দাদার বাসা। মাঝেমধ্যে সেখানে তারা যাতায়াত করে। গত ৩ জানুয়ারি মেয়েটি তার দাদার বাসায় ছিল। কিন্তু রাত ৯টায় ওই মেয়ে কাউকে কিছু না বলে দাদার বাসা থেকে নিজেদের বাসায় চলে আসে। পরে নাতনিকে না দেখে দাদা রাত পৌনে ১০টায় বাসায় খুঁজতে যায়। এসময় তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাতনিকে দেখতে পান। এসময় তার গলায় ওড়না ওড়না প্যাঁচানো ছিল।’
পরে ভিকটিমের মা খবর পেয়ে বাসায় এসে আশপাশের লোকজন ও থানা পুলিশের সহায়তায় মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পতাকানিউজ/আরবি

