চট্টগ্রামের সীতাকুণ্ডে একই জায়গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘিরে সংঘর্ষে জড়িয়েছে দলের দুপক্ষ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতেও দেখা গেছে।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর দুপুরে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় সংঘর্ষে জড়ান দুপক্ষের লোকজন। এসময় ইটপাটকেল নিক্ষেপও করা হয়। সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অবস্থান নেন দুপক্ষের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য পদ বাতিল হওয়া আসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সীতাকুণ্ড উপজেলায় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীদের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য তাদের দুপক্ষ পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজন করে। পরে দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।
দুপুরের দিকে আসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের একটি মিছিল যাওয়ার সময় দক্ষিণ বাইপাস এলাকার হাসান গোমস্তা মসজিদের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়।

এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বাঁশবাড়িয়া এলাকায় সালাউদ্দিনের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষ বাঁশবাড়িয়া অবস্থান নিলে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

