ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসন (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী), কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম-৫ আসন (হাটহাজারী ও বায়েজিদের একাংশ) এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ আসন (রাউজান) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মোহাম্মদ সেলিম এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে আমিনুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এদিকে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে মো. আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসন থেকে মো. শাহাদাৎ হোসেন মনোনয়নপত্র নেন।
চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এবারের নির্বাচনে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তিন প্রার্থীর প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
পতাকানিউজ/কেএস

