চট্টগ্রামে বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ভোরের আলো ফুটতেই বীর শহীদদের শ্রদ্ধা ঢল নামে মানুষের।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ভোরে উত্তর কাট্টলীতে সাগর তীরের টোল রোড সংলগ্ন অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শুরুতে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান শ্রদ্ধা জানান।
এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে সাধারণ মানুষ শহীদের শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে আসা অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, লাল সবুজ পতাকা।
এদিকে আজ সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর আয়োজন করা হয়।
এছাড়া সকাল ১০টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
এরপর সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আউটার স্টেডিয়াম এবং লালদীঘি পাড়সহ বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষ্যে শিশু পার্ক, ডিসি পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানা শিশুদের জন্য আজ সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

