চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসী সাজ্জাদের লোকজন জড়িত বলে ধারণা পুলিশের।
শুক্রবার, ২ জানুয়ারি সকাল ৭টায় চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও টুপি পড়া ৫ জন একসঙ্গে এসে বাড়ির সামনে দাঁড়ায়। একটু পর কোমর থেকে সবাই অস্ত্র বের করে গুলি ছুড়ে দৌড়ে চলে যাচ্ছে।
মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিন হন। তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
পুলিশের ধারণা, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারীরা গুলি করেছে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে চেষ্টা চলছে।
এদিকে ঘটনার মাস দেড়েক আগে দুবাইয়ের একটি নম্বর থেকে মুজিবুর রহমানকে সাজ্জাদ আলীর পরিচয়ে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছিল। কিন্তু বিষয়টি তিনি আমলে নেননি। দুই দফা ফোন আসার পরও তিনি বিষয়টি কাউকে জানাননি। আজ সকালে হামলার সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন।
মুজিবুর রহমান বলেন, ‘বড় সাজ্জাদের পরিচয়ে বিদেশি নম্বর থেকে মাস দেড়েক আগে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছিল। আমি বিষয়টি আমলে নেইনি। দুইবার ফোন করা হয়েছিল। আজকের ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ বিভাগ) উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, ‘চাঁদার দাবিতে ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে একাধিক রাউন্ড গুলি করা হয়েছে। ঘটনার সময় একটি মাইক্রোবাসে করে প্রায় আটজন মুখোশধারী এসে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।’
চাঁদার দাবিতে সাজ্জাদ বাহিনীর গুলি করে ভয়-ভীতি প্রদর্শন নতুন কিছু নয়। এর আগে একাধিক এ ধরনের ঘটনা ঘটেছে। গত ১৪ ডিসেম্বর নগরীর পাঁচলাইশ হামজার বাগ এলাকায় মুরাদপুর-অক্সিজেন সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ওই ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায়ও সাজ্জাদের লোকজন জড়িত বলে ধারণা পুলিশের।
বায়েজিদ বোস্তামীর জান আলী নগর চালিতাতলী এলাকার আব্দুল গনি কন্ট্রাক্টরের ছেলে সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। ২০০৪ সালে জামিনে বেরিয়ে বিদেশে পালিয়ে যায় এ শীর্ষ সন্ত্রাসী। বিদেশে বসে চট্টগ্রাম নগরীর অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন তিনি।
পতাকানিউজ/আরবি

