চট্টগ্রামে সাতকানিয়ার থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. গিয়াসকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার, ২০ এপ্রিল রাত সাড়ে ৩টায় ঠাকুরদীঘি এলাকায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. গিয়াস গারাঙ্গিরা এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
মঙ্গলবার, ২১ এপ্রিল গণমাধ্যমে পাঠানো সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জাানায়, ভিকটিক মুহাম্মদ মিজানুর রহমান গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা এবং একজন হকার ব্যবসায়ী ছিলেন। ভিকটিমের ২ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে সন্তান রয়েছে। আসামিদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
২০২৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় ভিকটিম তার স্ত্রী ও দুই শিশু সন্তানসহ ঈদের কেনাকাটা শেষে সিএনজি অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে আসার পথে রাত ৯টায় ১৭ নম্বর সোনাকানিয়া ইউপির মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল সাকিন খলিফা পাড়ার পশ্চিম দিকে রবি টাওয়ারের মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ৮/১০ জন দুর্বৃত্ত হাতে থাকা লাঠি সোঠা, লোহার রড ও দেশি অস্ত্র নিয়ে ভিকটিমের বহনকারী গাড়িটি জোরপূর্বক থামিয়ে ভিকটিমের মুখে কাপড় বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
পরে রাত সোয়া ৯টায় সোনাকানিয়া বোর্ড অফিসের পশ্চিমে বাগানের মধ্যে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে দুই পায়ের এবং দুই হাতের রগ কেটে দেয়। এছাড়া লাঠি ও লোহার রড দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে মারত্মক জখম করে গুরুতর আহতা গ্রামীন ব্যাংকের গেইটের পাশে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে লোকমুখে ভিকটিমের স্ত্রী ও পরিবারের ভিকটিমকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর গত ২১ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় ৫ জন এজাহারনামীয় ও ৮/১০জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
র্যাব আরও জানায়, আসামিদের গ্রেপ্তারে র্যাব-৭ নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে গোপন সংবাদে গত সোমবার গভীর রাতে সাতকানিয়া থানার ঠাকুরদীঘি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. গিয়াসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
পতাকানিউজ/আরবি

