চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ভাইয়ের হাতে বোন খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার, ২মার্চ রাত ১১টায় ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ভাইকে আটক করেছে।
নিহত সেনোয়ারা বেগম (৬৫) ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। তার ভাই ঘাতক জানে আলম (৪২)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার রাতে তারাবির নামাজের সময় ছেনোয়ারার বাসায় যান জানে আলম। এসময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জানে আলম ছেনোয়ারাকে ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার পর স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করেন জানে আলম। পালানোর পথে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়।
নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, ঘটনার সময় আমি আর বাবা তারাবির নামাজে মসজিদে ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারি। এসময় এলাকাবাসী মামাকে রক্তাক্ত ছুরিসহ আটক করে।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে বোনকে কুপিয়ে হত্যা করেছে ভাই। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

