ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ এক বিক্ষোভকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, ঘটনার সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের একটি অংশ বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ১২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১০টার দিক থেকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন।
বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। একই সঙ্গে জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তারা।

