চট্টগ্রামে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাসা ভাড়া না দেয়ার আহ্বান জানিয়ে মাইকিং করেছে পুলিশ। সংগঠনটির নেতাকর্মীর ভাড়া দিলে বাসা-বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়।
বুধবার, ১৭ সেপ্টেম্বর বিকালে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশায় বসে এক ব্যক্তি মাইক হাতে ঘোষণা দিচ্ছেন। সেখানে বলা হয়, নতুন ভাড়াটিয়া নেয়ার আগে তাঁর জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে ভাড়া দিলে ও তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সরকারঘোষিত সব নিষিদ্ধ সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।
পতাকানিউজ/এআই

