চট্টগ্রাম নগরীতে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর এক হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধামাটিও উদ্ধার করা হয়।
শনিবার, ১১ এপ্রিল দুপুর ১ টায় নগরীর দামপাড়া সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকার জমিদার হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জামে মসজিদের পাশে আবু মিয়ার সবজির দোকানের সামনে চৌকির নিচ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ধামা দা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মো. মিনহাজ (২৩) রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ বলুয়াদীঘির পাড় এলাকায় কয়েকজন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে। এসময় আবদুল আউয়াল অপু, সবুজ, তুহিনসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিনহাজকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার একপর্যায়ে সবুজ মাথায় কোপ দিতে গেলে মিনহাজ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাতের কব্জির নিচ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভিকটিমের বোন তানজিনা আক্তার বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, এর আগে একই মামলার এজাহারনামীয় আসামি ১৮ মামলার আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
পতাকানিউজ/আরবি

