চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার, ৩০ নভেম্বর রাত ১১ টায় উপজেলার নানুপুর এলাকায় মিছিল বের করা হয়। পরে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর অভিযান চালিয়ে মো. এরশাদ ও হ্নদয় নামের দুজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৮ থেকে ১০ জন নেতাকর্মী নানুপুর লায়লা কবির কলেজ গেইট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রীণ টাওয়ার এলাকায় গিয়ে শেষ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. জাহিদ। মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে সটকে পড়েন সবাই। পরে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।
ভিডিওতে দেখা যায়, ৮ থেকে ১০ জন নেতাকর্মী ব্যানার সহকারে মশাল হাতে মিছিলটি বের হয়। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। বাকীরা কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। তবে মিছিলে নেতৃত্ব দেওয়া প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদের মুখ খোলা ছিল।
এদিকে ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন মন্তব্য করে পুলিশের কড়া সমালোচনা করেন।
অপরদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও শেয়ার করে আন্দোলনকারী নেতাকর্মীদের সাহসের প্রশংসা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ বিষয়ে ফটিছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ‘ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ইতিমধ্যে মো.এরশাদ ও হ্নদয় নামে দুজনকে আটক করা হয়েছে।
পতাকানিউজ/ওএআর/আরবি

