চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৫ জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ জনের।
এদিকে এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩ জন। আক্রান্ত সবাই বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
শনিবার, ২৭ জুন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে সূত্রে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মধ্যে ৯ জন সরকারি হাসপাতালে ও ২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ২৭৫ জনের মধ্যে ১৭২ জন নগরের এবং ১০৩ জন উপজেলার বাসিন্দা। চলতি জুনে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, ৯৯ জন।
এর আগে মেতে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৬৮ জন।
ডেঙ্গু আক্রান্ত ২৭৫ জনের মধ্যে পুরুষ ১৪৩, নারী ৭৭ এবং শিশু ৫৫ জন। আর মারা যাওয়া ১ জন পুরুষ। ফেব্রুয়ারিতে তিনি মারা যান। এরপর এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
এদিকে উপজেলার চেয়ে নগরীতে বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, উপজেলায় আক্রান্ত ১০৩ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৪ জন, বাঁশখালীতে ৮ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশে ৫ জন, পটিয়ায় ১৪ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়িতে ২ জন, হাটহাজারীতে ২ জন, রাঙ্গুনিয়ায় ৪ জন, সীতাকুণ্ডে ২২ জন, মিরসরাইয়ে ১৩ জন, কর্ণফুলীতে ৪ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৪ জন।
প্রসঙ্গত, গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৩১৮ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ৪৫ জন।
এর আগে ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন। আর নভেম্বর মাসে মৃত্যু হয়েছিল ১৬ জনের।
পতাকানিউজ/আরবি

