চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ১৮ জানুয়ারি সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার একই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে জসিম উদ্দিন তার স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ঘাতক স্বামী জসিম উদ্দিনকে আটক এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পতাকানিউজ/আরবি

