চট্টগ্রাম নগরীতে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২)হত্যার ঘটনায় মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার, ৭ সেপ্টেম্বর দুপুরে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার পাঠানপাড়া এলাকায় ফাল্গুনী হিজড়া নামে এক হিজড়া নেত্রীর বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, মোমিন ফাল্গুনী হিজড়ার ‘কথিত স্বামী’ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১টা ১৪ মিনিটে সাদা টি-শার্ট পরিহিত এক যুবক মৌসুমীর ঘরে ঢোকেন এবং প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে রাত ৩টা ৫২ মিনিটে বের হন। পুলিশ সেই ফুটেজ বিশ্লেষণ করে ওই যুবককে মোমিন হিসেবে শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এক যুবককে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মোমিন নামে সেই যুবককে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার, ৫ সেপ্টেম্বর সকালে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির নিজ বাসা থেকে মৌসুমী হিজড়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পতাকানিউজ/আরবি

