চট্টগ্রাম নগরীতে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিজড়া সম্প্রদায়ের একটি অংশের কাছে ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।
শনিবার, ৫ সেপ্টেম্বর সকালে নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী ওই বাসায় একা থাকতেন। আজ সকাল ১০টায় মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাকে ডাকতে যান। এসময় তারা বাসার দরজা খোলা দেখতে পান এবং শয়নকক্ষে বিছানার ওপর পড়ে ছিলেন মৌসুমী। তার মুখ দিয়ে বের হচ্ছিল রক্ত। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
খুলশী থানার ওসি আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

