চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন ইটভাটা ও ফসলি জমিতে শ্রমিক হিসেবে কাজ করার অভিযোগে ২২ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার, ২৮ নভেম্বর রাতে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে আরও ১২ জনকে আটক করা হয়। এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, আনসার ও উপজেলা প্রশাসন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা স্থানীয় ইটভাটা ও ফসলি জমিতে কাজ করছে—এমন তথ্যে অভিযান পরিচালনা করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের দ্রুত রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
ইউএনও আরও জানান, সাম্প্রতিক সময়ে সাতকানিয়াসহ আশপাশের এলাকায় অবৈধভাবে অনেক রোহিঙ্গা অবস্থান করছে এবং তাদের কেউ কেউ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের আশ্রয় বা কাজে নিয়োগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে গত ১৫ নভেম্বর সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে আট রোহিঙ্গাকে আটক করে প্রশাসন।
পতাকানিউজ/এএস/আরবি

