চট্টগ্রামে কমছে না করোনাভাইরাস, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। এ তিন ধরনের রোগে প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। ছড়িয়ে পড়া এসব রোগের মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আর ডেঙ্গু ও করোনায় বেশি মৃত্যু।
রবিবার, ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম মহানগর ও উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২২৭। এদের মধ্যে পুরুষ ১১৭ জন ও নারী ১১০ জন। আর মৃত্যু হওয়া ১১ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন নারী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৫২ জন। এদের মধ্যে শিশু ২৮৮ জন, পুরুষ ৯৩১ জন ও নারী ৫৩৩ জন। আর মৃত্যু হওয়া ১৭ জনের মধ্যে ২ জন শিশু, ১০ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ জন।
এছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬০ জন। এদের মধ্যে শিশু ২১৮ জন, পুরুষ ১ হাজার ৬২৪ জন ও নারী ১ হাজার ২২৮ জন। তবে এ রোগে এখন কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন।
ডেঙ্গু প্রতিবেদনে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৫২ রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্ত ৯০৪ জন, ও উপজেলায় ৮৪৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুলাই ৪৩০ জন, ও আগস্টে ৭০৫ জন। আর মৃত্যুও বেশি হয়েছিল এ দুমাসে।
অপরদিকে ১৫ উপজেলায় আক্রান্ত ৮৪৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী সীতাকুণ্ডে ৩০২ জন ও বাঁশখালীতে ১৫৪ জন। সবচেয়ে কম রোগী সন্দ্বীপে ১০ জন।
প্রসঙ্গত, গত জুলাই মাসে চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। তাদের একজন পুরুষ ও একজন নারী। দুজনের বয়স ৪০ বছরের বেশি। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা—তিনটিই এডিস মশার কামড়ে হয়।
পতাকানিউজ/আরবি

