চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি কমন কমিশন (দুদক)। বুধবার, ২৪ ডিসেম্বর দুপুরে দুদক জেলা কার্যালয়ে যায় চট্টগ্রাম-১ এর এনফোর্সমেন্ট টিম। হাসান মুরাদ নামে এক ভুক্তভোগীর অভিযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর পাথরঘাটা খলিফাপট্টি এলাকার বাসিন্দা হাসান মুরাদ। তিনি ওই এলাকায় একটি ভবন নির্মাণ করবেন। সেই ভবন নির্মাণের জন্য বেশকিছু অনুমোদনের প্রয়োজন হয় সিডিএ থেকে। সেসব অনুমোদন করতে গিয়ে ঘুষের লেনদেন করতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এরপরও তার প্ল্যান পাস করা হলেও ফাইল আটকে রাখা হয়েছে। প্ল্যান পাস করাতে তাকে ৫০ লাখ টাকা খরচ করতে হয়েছে। এখনও আরও ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে ফাইল ছাড়তে।
সিডিএ সূত্রে জানা গেছে, দুদক টিম সিডিএতে গিয়ে শুরুতে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং অভিযোগের বিষয়টি জানান। এরপর ৩০২ নম্বর কক্ষে সিডিএ কর্মকর্তা ও দুদক কর্মকর্তারা বৈঠকে বসে অভিযোগের কাগজপত্র খতিয়ে দেখেন।
দুদক টিমের সঙ্গে অভিযোগকারী হাসান মুরাদ ও অভিযুক্ত সিডিএ’র অ্যাসিসট্যান্ট টাউন প্ল্যানার কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পকতাকানিউজ/আরবি

