চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যাত্রীদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা যেন নিত্যনৈমত্তিক বিষয়। এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন শতশত যাত্রী। এ মহাসড়ককে ৬ লেন করার দাবি জানিয়ে আসছিল এ অঞ্চলের মানুষ। কিন্তু সরকারের টনক নড়ছে না। তাই এবার ৬ ঘণ্টা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে সর্বস্তরের জনসাধারণ। রবিবার, ৩০ নভেম্বর, চকরিয়ার মাতামুহুরী সেতুতে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ নামে একটি সংগঠন। গত ১৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এতে বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
আন্দোলনের অন্যতম সংগঠক ও স্থানীয় সাংবাদিক আবদুল মজিদ বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। এ মহাসড়কে গাড়ি চলাচলের তুলনায় সড়ক খুব সরু। যার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে।’
তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকার কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আগামীকাল (রবিবার) ব্লকেড কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি পালনে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেছে।
জানতে চাইলে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কর্মসূচির কথা শুনেছি। যারা আয়োজন করেছে তারা আমার সঙ্গে দেখা করার কথা। কিন্তু এখনও দেখা করেনি।
তিনি আরও বলেন, এটি ব্যস্ততম একটি সড়ক। যেহেতু পর্যটন এলাকা। তাই আন্দোলনকারীদের দরকার জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করা। আমরাও চাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি প্রশস্থ করা হোক। এতে দুর্ঘটনা কমে আসবে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

