চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাঁদের মধ্যে সাধারণ শ্রেণি (ক্যাটাগরি) থেকে চারজন এবং সহযোগী শ্রেণি থেকে একজন। এ ছাড়া নির্ধারিত বিধি না মানায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন বোর্ড।
বুধবার, ৮ অক্টোবর সন্ধ্যায় নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এর আগে বেলা ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সাধারণ শ্রেণিতে প্রার্থী রয়েছেন ৩৬ জন, সহযোগী শ্রেণিতে ১৪ জন। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশনে রয়েছেন তিনজন করে প্রার্থী। আগামী ১ নভেম্বর নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাধারণ শ্রেণিতে যাঁরা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাঁরা হলেন—সাফা এন্টারপ্রাইজের মো. আশেক ইবনে সাফা, বিসমিল্লাহ শিপিং এজেন্সির মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং আহমেদ ব্রাদার্সের সালাউদ্দিন আহমেদ। সহযোগী শ্রেণি থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন নাহার ট্রেডিংয়ের মো. নাজেম উদ্দিন।
এদিকে আটলান্টিক ট্রেডার্স ও বাগদাদ ডিস্ট্রিবিউশন থেকে সাধারণ ও সহযোগী দুই শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছিলেন মো. শওকত আলী। চেম্বারের সংঘবিধি অনুযায়ী, একজন প্রার্থী কেবল একটি শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে একটি মনোনয়নও প্রত্যাহার না করায় তাঁর উভয় প্রার্থিতাই বাতিল করেছে নির্বাচন বোর্ড।
চেম্বারের এ নির্বাচনে মোট ভোটার ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৪ হাজার ১ জন, সহযোগী সদস্য ২ হাজার ৭৬৪ জন, ট্রেড গ্রুপ প্রতিনিধি ১০ জন এবং টাউন অ্যাসোসিয়েশন প্রতিনিধি ৫ জন। এখন পর্যন্ত ২৪টি পরিচালক পদে ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম।
এবারের নির্বাচনে দুটি প্যানেল গঠনের আলোচনায় রয়েছেন চট্টগ্রাম চেম্বার ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হক এবং বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি এস এম নুরুল হক। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাঁরা শিগগিরই প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে।
পতাকানিউজ/এএস/এমওয়াই

