চট্টগ্রাম থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে একটি বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি বগুড়ার শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় পৌঁছার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোববার সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাসে আগুনের ঘটনার বিষয়ে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আবু জাররা বলেন, বাসে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে কতোজন যাত্রী ছিলেন সেই বিষয়ে নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
-পতাকানিউজ/পিএম

