চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এলাকার কালুরঘাট ভারী শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি হেঁটে যাচ্ছে এক যুবক। এ ঘটনার ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকার স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার ২০ জুন সকালের। ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে ৫ যুবকের একটি দল অবস্থান নেয়। তাদের একজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানার সামনে থেকে গোলাপি টি–শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে আসছেন। এসময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়েন টি–শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাকে।
স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় রয়েছে।
এদিকে গুলির ঘটনার পর স্থানীয় এক যুবদল নেতাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, গুলির ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছ। তবে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
পতাকানিউজ/আরবি

