চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) পণ্য খালাসের কাজে ব্যবহৃত একটি আরটিজি (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর যৌথ ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সোমবার, ২২ জুন দুপুর আড়াইটায় এনসিটির ৪ নম্বর বার্থ এলাকায় থাকা ‘আরটিজি-৪০১৪’ নম্বর ক্রেনটিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা ৫৫ মিনিটে টার্মিনালের ভেতরে আগুন লাগার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, আজ দুপুরের দিকে এনসিটির দক্ষিণ প্রান্তের ৪ নম্বর বার্থে অবস্থানরত একটি আরটিজি ক্রেনে আকস্মিক আগুন জ্বলে ওঠে। এসময় বন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং দল আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি জানান, পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের বিশেষ দলও উদ্ধার কাজে অংশ নেয়। এ তিন বাহিনী সদস্যরা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর সচিব আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির হয়নি। বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম যথানিয়মে চলছে।
পতাকানিউজ/আরবি

