চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে রবিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।
শনিবার, ৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।
তিনি বলেন, ‘আগের চার দফা দাবি নিয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বন্দরের শ্রমিক-কর্মচারীরা আশ্বস্ত হয়েছিলেন। সে অনুযায়ী কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু ওই দিন সন্ধ্যায় আন্দোলনরতদের বিরুদ্ধে পুনরায় উসকানিমূলক ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ।’
তিনি আরও বলেন, ‘বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে এখনও সরকারের কাছ থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ কারণে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে।

এর আগে কর্মসূচির সময় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমকে আওতামুক্ত রাখা হলেও এবারের কর্মসূচিতে সেখানেও ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছে সংগ্রাম পরিষদ।
এর আগে গত বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে আন্দোলনকারী শ্রমিক নেতাদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বৈঠকের পর দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করে সংগ্রাম পরিষদ।
এ বিষয়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেলেন, নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছি। তবে আগামী শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রবিবার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে।
এর আগে একইদিন সকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বন্দর শ্রমিকরা। একপর্যায়ে উপদেষ্টা গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সেনা ও পুলিশ পাহারায় চট্টগ্রাম বন্দরে ঢুকেন তিনি।
তারও আগে মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে পালন করা হয় ২৪ ঘণ্টার কর্মবিরতি।
আন্দোলনের মাঝে আন্দোলরত কর্মচারীদের একের পর এক বদলি করা হয়। সর্বশেষ সোমবার, ২ ফেব্রুয়ারি ১৫ কর্মচারীকে একসঙ্গে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রুল হাইকোর্ট খারিজ করে দেন। এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে কর্মবিরতি পালিত হচ্ছে।
পতাকানিউজ/আরবি

