চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে আটক করেছে র্যাব-৭। তিনি বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
সোমবার, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)ইজারা ইস্যুতে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পরিচালিত হয়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন এ ইব্রাহীম খোকন।
এদিকে ইব্রাহীম খোকনকে আটকের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বিবৃতিতে বলা হয়, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ পরিহার করে শ্রমিকদের বারবার সংঘাতমুখী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। রবিবার বন্দরের পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে। এতে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিদাতারা হলেন- জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এএম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার; শ্রম সংস্কার কমিশনের সদস্য ও টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত; স্কপ চট্টগ্রাম জেলার সমন্বয়ক এসকে খোদা তোতন ও ইফতেখার কামাল খান; ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি খোরশেদুল আলম; বিএফটিইউসির সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি; বিএলএফের সভাপতি নুরুল আবসার তৌহিদ; সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, ‘ইব্রাহীম খোকনকে ৮ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পতাকানিউজ/আরবি

