চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া পরীক্ষা পুনরায় শুরু হয়েছে।
সোমবার, ২৭ জুলাই সকালে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
এর আগে বৃহস্পতিবার, ১৬ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা বন্যার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
এরপর রবিবার, ১৯ জুলাই সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশকিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে স্থগিত করা পরীক্ষাসহ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা এবং পরীক্ষার রুটিনে যৌক্তিক বিরতি রাখার দাবিতে স্মারকলিপি জমা দেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।
পতাকানিউজ/আরবি

