ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শুরু থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রামে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৪টায়।
এদিকে আজ দুপুর ২টায় পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৬ আসনের কোনটিতেই অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। তবে শুরুতে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা কেন্দ্র আসতে থাকেন। অনেকে আবার জীবেনের প্রথম ভোট দিতে এসেছেন।
সরেজমিন নগরীর চকবাজার, বাকলিয়া, কোতোয়ালী ও জামালখান ও পাথরঘাটা এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা দেছে এমন চিত্র। এসময় কেন্দ্রে বাইরে স্থাপন করা নির্বাচনী বুথ থেকে ভোটার তাদের কেন্দ্র ও ভোটার নম্বর সংগ্রহ করতে দেখা গেছে। কেন্দ্রের ভিতরে পুলিশ ও আনসার সদস্যরা ছিল সতর্ক অবস্থানে। এছাড়া বিভিন্ন কেন্দ্রের বাইরে সেনাবাহিনী সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এসব এলাকার কেন্দ্রে আসা ভোটাররা জানান, তারা এবার শান্তিপূর্ পরিবেশে ভোট দিতে পেরে খুশি। ভোটের পরিবেশ বেশ ভালো। এভাবেই যেন শেষ পর্যন্ত বজায় থাকে।
ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ১৬টি আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।
চট্টগ্রামে এবার ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা রয়েছেন। আর ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।
পতাকানিউজ/আরবি

